মগরাহাটে রিসর্টের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদ সভা, অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বাইজিদ মণ্ডল, মগরাহাট:- হোটেল ও রেস্তোরাঁর আড়ালে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে মগরাহাটের মোহনপুর অঞ্চলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার স্বাভাবিক পরিবেশ, সামাজিক সুস্থতা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে রিসর্টের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, মগরাহাটের মোহনপুর অঞ্চলের মাদ্রাসা মোড়ে জল প্রকল্পের পাশে এই রিসর্টের বিরুদ্ধে এক নাগরিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গ্রামবাসীদের প্রবল উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেল ও রেস্তোরাঁর নাম করে রিসর্ট গড়ে তোলা হলেও সেখানে দেহব্যবসার মতো অসামাজিক কার্যকলাপ চলছে। তাঁদের দাবি, এই ধরনের কার্যকলাপের ফলে এলাকার স্বাভাবিক ও সুস্থ সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে এলাকার ছেলেমেয়েদের পড়াশোনা, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
এই অভিযোগের প্রতিবাদে ইতিমধ্যেই গ্রামবাসীরা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন। আন্দোলনের অন্যতম ধাপ হিসেবে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এই নাগরিক সভার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য বিষয়, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন হাজী ইলিয়াস, হাজী জানে আলম, রাজারহাট নলেজ সিটির প্রতিষ্ঠাতা আব্দুর রউফ, শিক্ষক হাফিজুল শেখ, বিশিষ্ট সমাজসেবক পার্থ হালদার, অলিউল্লাহ, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মনোরমা হালদার এবং মোহনপুর অঞ্চলের উপপ্রধান জুলফিকার শেখ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমগ্র সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক মীর কাসিম মোল্লা। সভার আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে মোহনপুর অঞ্চলের নারী বাহিনী এবং বিশিষ্ট সমাজসেবক মাতিন শেখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভা থেকে বক্তারা দাবি করেন, অবিলম্বে রিসর্টে চলা বলে অভিযোগ ওঠা অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। রিসর্টের মালিক আলমগীর মোল্লার উদ্দেশে তাঁরা স্পষ্ট বার্তা দেন, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকার মানুষ।
এখন দেখার, গ্রামবাসীদের এই প্রতিবাদ ও দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :