ad728

নজরুলের জীবন ও কর্ম নিয়ে মান্দায় সেমিনার, পুরস্কৃত হবেন বিজয়ীরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ সোহানুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের প্রত্যয়ে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন। 
এ সময় উপস্থিত ছিলেন, মান্দা থানার অফিসার ইনচার্উজ (ওসি) মোঃ আফজাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোছাব্বির খাঁন, এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায় এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির অমূল্য সম্পদ। তাঁর লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের অধিকার এবং সাম্যের যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মের নৈতিক, মানবিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশীয় সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে।

মান্দা থানার অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। তিনি সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত, বিদ্রোহী চেতনা এবং সমাজ পরিবর্তনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও সাহিত্যভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, নজরুলের সৃষ্টিকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের সাহিত্য নয়; বরং তা যুগে যুগে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের মধ্যে এই চেতনা ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মান্দা উপজেলা প্রশাসন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ