ad728

কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা থেকে কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের মো. আব্দুল মালেক হাওলাদারের ছেলে এবং ঢাকায় বসবাসকারী মো. মাজেদুল হাসান মনি একটি ফলের বাগান গড়ে তুলেছিলেন। প্রায় ৪৫ শতক জমির ওই বাগানে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছিল।

​অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে শনিবার সকালে দলবল নিয়ে বাগানের সমস্ত গাছ কেটে ফেলেন।

​বাগানের দেখভালের দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, ‘মালিক ঢাকায় থাকায় আমি জমি ও বাগান দেখাশোনা করি। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলেন। আমি এর ভিডিও ধারণ করতে গেলে তারা আমাকে খুন-জখমের হুমকি দেন। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

​জমির মালিক মো. মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার অনুপস্থিতিতে তারা সম্পূর্ণ পূর্বশত্রুতার জেরে আমার ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করেছে। আমি এলাকায় ফিরে এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেব।’

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ