1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট প্রতিনিধি।।
সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক পরিবারের দৌড়গোড়ায় সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে লালমনিরহাটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'ফ্যামিলি কার্ড'-এর তথ্য সংগ্রহ অভিযান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালমনিরহাট শহর সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফজাল হোসেন বলেন, বর্তমান সরকারের এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমুখী। সমাজের কোনো যোগ্য বা প্রকৃত সুবিধাবঞ্চিত ব্যক্তি যেন এই সরকারি সহায়তা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে আমাদের সবাইকে কঠোর নজর রাখতে হবে। তিনি মাঠ পর্যায়ে নিযুক্ত তথ্য সংগ্রহকারী ও স্বেচ্ছাসেবকদের শতভাগ সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল জামান মিঠু এবং 'আলোকিত লালমনিরহাট'-এর সমন্বয়ক আব্দুল সালাম বকুল। এছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্ব শেষে ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন সফরটারী, এয়ারপোর্ট রোড, উকিলপাড়া, বন বিভাগ এলাকা, কলেজ রোড, নাছিরটারী, তালুক খুটামারা, বত্রিশ হাজারী, বানভাষা ও মোক্তারটারীসহ প্রধান প্রধান এলাকাগুলোকে কয়েকটি জোনে ভাগ করা হয়। এরপরই নির্ধারিত স্বেচ্ছাসেবকেরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।
মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও সঠিকতা নিশ্চিত করতে প্রতিটি জোনে নিযুক্ত কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: notunbangladeshbarta@gmail.com
© নতুন বাংলাদেশ বার্তা